গতরাত্রির বাসি ভাত খেতে খেতে
মনে কি পড়ে না? পড়ে ।
ভালো কি বাসি না? বাসি ।
শ্লথ ট্যাপ থেকে সারাদিন জল ঝরে,
সেই বেনোজলে এঁটোমুখ ধুয়ে আসি ।
গতরাত্রির বাসি ভাত খেতে খেতে
প্রেম কি জাগে না? জাগে ।
কিছু কি বলি না? বলি ।
তিতাস শিখায় যতটুকু তাপ লাগে,
অনুতাপে আমি তারচেয়ে বেশি গলি ।
গতরাত্রির বাসি ভাত খেতে খেতে
আমি কি কাঁদি না? কাঁদি ।
কাঁচা কাকরুল ভাজার কবিতা লেখি,
বড় ডেকচিতে দু'জনের ভাত রাঁধি ।
গতরাত্রির বাসি ভাত খেতে খেতে
কিছু কি ভাবি না? ভাবি ।
ভেবে কি পাই না? পাই ।
তবু কি ফুরায় তুমি-তৃষ্ণার দাবী?
ভাত বলে দেয়, তুমি নাই, তুমি নাই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন